পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন তার স্ত্রী রেবেকা সুলতানা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের দিন সকালে রাষ্ট্রপতি রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন। পরে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বঙ্গভবনে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এ ছাড়া তিনি বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ঈদের শুভেচ্ছা বার্তা প্রদান করবেন।
অনুষ্ঠানে রাজনীতিবিদ, বিচারপতি, কূটনীতিক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা অংশ নেবেন। পাশাপাশি বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে প্রায় ৮ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের জন্য ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থাও রাখা হবে।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন বলে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

