চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রায় ১৪৩ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন আদালতের আদেশে সারাদেশে অভিযান চালিয়ে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়।
দুদকের তথ্যমতে, জব্দকৃত সম্পদের মধ্যে স্থাবর সম্পদের মূল্য প্রায় ৭২ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৬০১ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৭০ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৮০৯ টাকা।
দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক স্বাক্ষরিত এক নথিতে জানানো হয়, ফেব্রুয়ারি মাসে আদালতের ২৯টি আদেশের মাধ্যমে এসব সম্পদ জব্দ করা হয়েছে।
এর মধ্যে ২০টি আদেশে বিভিন্ন স্থাবর সম্পদ ক্রোক করা হয়। এসব সম্পদের মধ্যে রয়েছে ৫৬ দশমিক ৫৮৯১ একর জমি, ১৪টি ভবন, ২৮টি ফ্ল্যাট, ১২টি প্লট, একটি বাড়ি, দুটি টিনশেড ঘর, একটি খেলার মাঠ, একটি স্কুল, দুটি দোকান এবং ছয়টি গাড়ি।
অন্যদিকে ১৫টি আদেশে বিভিন্ন আর্থিক সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। এর মধ্যে ১৪৪টি ব্যাংক ও সঞ্চয়ী হিসাব রয়েছে, যেখানে জমা রয়েছে প্রায় ৫৯ কোটি ৯২ লাখ টাকার বেশি। এছাড়া শেয়ার, এফডিআর, সঞ্চয়পত্র, বীমা পলিসি, পে-অর্ডারসহ নানা ধরনের বিনিয়োগও জব্দ করা হয়েছে।
এছাড়াও অবরুদ্ধ সম্পদের তালিকায় একাধিক ক্রেডিট কার্ড, এসএনডি ও সিডি হিসাব এবং একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টও রয়েছে।
দুদক বলছে, দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় জব্দের কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

