পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
প্রশাসক মো. আব্দুস সালাম জানান, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন।
তিনি আরও বলেন, ভিআইপি ব্লকে ২৫০ জন পুরুষ ও ৮০ জন নারীর নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মুসল্লিদের সুবিধার্থে অজু, পয়োনিষ্কাশন ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। নারী মুসল্লিদের জন্য পৃথক ব্লক ও আলাদা প্রবেশপথের ব্যবস্থাও করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

