দীর্ঘ দেড় দশকের দুঃশাসন ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হয়েছে। প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এখন থেকে জাতীয় সংসদ হবে দেশের সব যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পর্যন্ত শহীদদের গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি। গুম, খুন ও বর্বর নির্যাতনের শিকারদের সাহসিকতাতেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সংসদীয় গণতন্ত্রের অগ্রদূত উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। তবে বিগত শাসনামলে সংসদকে প্রহসনে পরিণত করা হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, এই শুভ মুহূর্তটি দেশনেত্রীকে দেখা হয়নি, তবে আমরা তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উক্তি উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, “জনগণই যদি রাজনৈতিক দল হয়, তবে আমি সেই দলেই আছি। ব্যক্তি বা দলের চেয়ে জনগণের স্বার্থই বড়—এটাই বিএনপির মূল দর্শন।”
তারেক রহমান স্পষ্ট করেছেন, তিনি দলীয়ভাবে নির্বাচিত হলেও প্রধানমন্ত্রী হিসেবে সংসদে সমগ্র দেশের প্রতিনিধিত্ব করছেন। রাজনৈতিক কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু সার্বভৌম, নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রশ্নে বিরোধের কোনো স্থান নেই। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেছেন তিনি।
বর্তমান সংসদের বিশেষ পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের ফলে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারদের কেউ নেই—কারাগারে বা পলাতক।
এই সংকটকালীন অধিবেশনে সভাপতিত্বের প্রস্তাব প্রসঙ্গে তিনি ১৯৭৩ সালের উদাহরণ টেনে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশকে সভাপতির জন্য প্রস্তাব করেছিলেন। আজকের নজিরবিহীন পরিস্থিতিতে কার্যক্রম শুরু করা হয়েছে প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

