বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। এর মধ্যে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি— এই ছয় জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার বর্তমান পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বদলি করে বগুড়ার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে নতুন করে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে সংযুক্ত করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে বদলি করে সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলার নতুন পুলিশ সুপার করা হয়েছে।
অন্যদিকে বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ সদর দপ্তরের এজেডএম মোস্তাফিজুর রহমানকে বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

