নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে তিন ধাপে পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এ কর্মসূচির মাধ্যমে পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা জোরদার করা এবং নারীদের ভূমিকা ও ক্ষমতায়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি দাবি করেন, কার্ড বিতরণের পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক, যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ না থাকে।
মন্ত্রী জানান, আসন্ন ঈদের আগেই পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) দেশের কয়েকটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে।
এ লক্ষ্যে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে। দুইজন মন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রীসহ মোট ১৫ সদস্যের এই কমিটিতে উপদেষ্টা ও সচিবরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ কমিটিকে প্রয়োজনীয় সচিবালয় সহায়তা দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

