ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে সংসদ ভবনে আসতে শুরু করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকেই সংসদ ভবনের বিভিন্ন গেটে নির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে দেখা যায়। সকাল ১০টায় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে আনুষ্ঠানিকভাবে শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সংসদীয় রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথগ্রহণ কার্যক্রম প্রথমে অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী আজ সকালেই বিএনপির নবনির্বাচিত এমপিরা শপথ নিতে যাচ্ছেন।
শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রবেশপথে নির্বাচিত সদস্যদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
টানা তিনটি সংসদ মেয়াদ অর্থাৎ প্রায় ১৫ বছর পর বিএনপির নেতারা সংসদ ভবনে প্রবেশ করছেন। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন এবং ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেও ভোট কারচুপির অভিযোগ তুলে মধ্যপথে সরে দাঁড়িয়েছিল দলটি।
নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেন, সংসদ ভবনে পা রাখতে পারা তার জন্য এক বিশেষ অনুভূতির বিষয়। তিনি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়াকে তিনি বড় অর্জন হিসেবে দেখছেন এবং ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশ নতুন পথে এগোবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
আরেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী বলেন, দীর্ঘ দেড় যুগ পর ধানের শীষের সংসদে তারেক রহমানের নেতৃত্বে শপথ নিতে যাচ্ছেন তারা। অতীত স্মরণ করে তিনি বলেন, এক সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে এসেছিলেন, আর আজকের দিনটি নির্বাচিত সংসদ সদস্যদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়।
শপথগ্রহণের মধ্য দিয়ে জাতীয় সংসদের কার্যক্রম নতুন অধ্যায়ে প্রবেশ করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

