AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুই ব্যালটে নতুন ভবিষ্যতের খোঁজে ভোটাররা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫০ এএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

দুই ব্যালটে নতুন ভবিষ্যতের খোঁজে ভোটাররা

সকাল সাড়ে সাতটা। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো ফোটার আগেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন। হাতে জাতীয় পরিচয়পত্র আর চোখে নতুন আগামীর স্বপ্ন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দীর্ঘ প্রতীক্ষিত গণভোট।

এবারের নির্বাচনের চিত্র অন্য যেকোনো বারের চেয়ে কিছুটা ভিন্ন। ভোটাররা ভোট দিচ্ছেন দুটি ভিন্ন ব্যালটে। একটিতে নিজের এলাকার সংসদ সদস্য নির্বাচন করছেন, অন্যটিতে দেশের রাষ্ট্রকাঠামো পরিবর্তনের ‘জুলাই সনদ’-এর ওপর নিজেদের রায় (হ্যাঁ বা না) দিচ্ছেন।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে এক ধরনের স্বস্তি ও উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

প্রথমবারের মতো ভোট দিতে আসা কয়েকজন তরুণ জানান, এই দিনটির জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। দুটি ব্যালটে ভোট দেওয়া আমার কাছে নতুন অভিজ্ঞতা। দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে পেরে আমি গর্বিত।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ অবাধ ও নিরপেক্ষ করতে সারাদেশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নিয়মিত বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ভোটারদের পরিচয় নিশ্চিত করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই ব্যালট পেপার সরবরাহ করা হচ্ছে। আমরা শতভাগ সুষ্ঠু ভোট নিশ্চিতে বদ্ধপরিকর।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান রাজনৈতিক দলগুলো ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহবান জানিয়েছে। প্রার্থীরা আশা প্রকাশ করেছেন, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক গতিপথ।

বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে এই ভোট উৎসব। এরপর শুরু হবে গণনার কাজ। দেশবাসীর চোখ এখন নির্বাচনের ফলাফল ও গণভোটের রায়ের দিকে।

এক নজরে নির্বাচন ও গণভোট তথ্য
মোট ভোটার: প্রায় ১২ কোটি ৭৭ লাখ

ভোট গ্রহণের সময়    সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০

ব্যালটের ধরন    সংসদ সদস্য (সাদা) ও গণভোট (গোলাপী)

নির্বাচনকালীন সরকার: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার

 

একুশে সংবাদ/ওজি

Link copied!