স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের আশঙ্কা নেই। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও কোনো অনিয়ম বা ভোটার কার্ড চুরির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, এবারের নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এটি হবে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
রংপুর অঞ্চলের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্য এলাকার তুলনায় রংপুরের মানুষ বেশি শান্তিপ্রিয় ও নিরীহ। এ কারণে এই অঞ্চলে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। সরকার ও সংশ্লিষ্ট বাহিনী সে লক্ষ্যেই কাজ করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

