ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারা দেশে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা একটি বিশেষ পরিপত্রে এই নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, আজ থেকেই দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে নেমেছেন। একই সঙ্গে আনসার বাহিনীর সদস্যদেরও কেন্দ্র ও আশপাশের এলাকায় মোতায়েন করা হচ্ছে। নির্বাচন সামনে রেখে আগামী ১১ ফেব্রুয়ারি সকাল থেকে দায়িত্ব গ্রহণ করবেন প্রায় ১ লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, কোস্ট গার্ড এবং আনসার ও ভিডিপি। উপকূলীয় এলাকাগুলোতে আলাদা করে দায়িত্ব পালন করবে কোস্ট গার্ড।
এবারের নির্বাচনে মোট প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সরাসরি দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপি সদস্যই থাকছেন সর্বাধিক, প্রায় সাড়ে পাঁচ লাখ। এ ছাড়া সশস্ত্র বাহিনীর প্রায় ১ লাখ, পুলিশের প্রায় দেড় লাখ এবং বিজিবির প্রায় ৩৫ হাজার সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রের ঝুঁকি ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় জনবল নির্ধারণ করা হয়েছে। মেট্রোপলিটনের বাইরে সাধারণ কেন্দ্রে ১৬–১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭–১৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন। মেট্রোপলিটন এলাকায় সাধারণ কেন্দ্রে ১৬ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জন সদস্য থাকবেন। দুর্গম ও পার্বত্য অঞ্চলের ২৫টি জেলার বিশেষ কেন্দ্রগুলোতে ১৬ থেকে ১৮ জন পর্যন্ত সদস্য মোতায়েন করা হবে।
নির্বাচন ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সক্রিয় থাকবে। তারা জেলা, উপজেলা ও থানা ভিত্তিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
ভোটগ্রহণের দুই দিন আগেই কেন্দ্রের মূল দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেবেন এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে মোতায়েন থাকবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

