আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ রোববার থেকে সারা দেশে দায়িত্ব পালন শুরু করছেন ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরাও আজ মাঠে নামছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা নির্বাচনী দায়িত্বে থাকবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সেনাবাহিনী ইতোমধ্যেই মাঠে রয়েছে এবং রোববার থেকে তাদের উপস্থিতি আরও জোরদার হবে। আনুষ্ঠানিকভাবে ভোটের আগে ও পরে মোট সাত দিন সশস্ত্র বাহিনী মাঠে থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধারাবাহিক বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট সব বাহিনীই জানিয়েছে যে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং নির্বাচন আয়োজনের জন্য অনুকূল।
নির্বাচন কমিশনার আরও জানান, ব্যালট বাক্সগুলো ইতোমধ্যে জেলা পর্যায়ে পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করছেন। ফলে এখন নির্বাচন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতিতেই ব্যস্ত রয়েছে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টরা।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা এক পরিপত্রে জানায়, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি ও কোস্ট গার্ড মোতায়েন করা হবে। পাশাপাশি স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঠে নামানো হবে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ৯ লাখ ৭০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপি ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন, সেনাবাহিনী ১ লাখ ৩ হাজার, নৌবাহিনী ৫ হাজার, বিমানবাহিনী ৩ হাজার ৭৩০ জন সদস্য নিয়োজিত থাকবে। এ ছাড়া বিজিবি ৩৭ হাজার ৪৫৩, কোস্ট গার্ড ৩ হাজার ৫৮৫, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩, র্যাব ৯ হাজার ৩৪৯ এবং চৌকিদার ও দফাদার ৪৫ হাজার ৮২০ জন দায়িত্বে থাকবেন।
পরিপত্রে আরও বলা হয়, নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, র্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। জেলা, উপজেলা ও থানাভিত্তিক দায়িত্ব পালন করবে বিজিবি, র্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন। উপকূলীয় এলাকায় দায়িত্বে থাকবে কোস্ট গার্ড। সব বাহিনী রিটার্নিং কর্মকর্তাদের কাছে জবাবদিহি করবে এবং তাদের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

