ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত যৌথ অভিযানে ১ হাজার ৭৭৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। একই সময়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, নির্বাচন তফসিল ঘোষণার দিন ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে মোট ১৭৯টি অস্ত্র এবং ১ হাজার ৯৪১ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।
এর আগে গত ৩০ জানুয়ারি আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, ২৩ থেকে ২৯ জানুয়ারি—এই এক সপ্তাহে পরিচালিত অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ওই অভিযানে উদ্ধার করা হয় ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড গোলাবারুদ, ৯৫টি ককটেল, বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য।
আইএসপিআর জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

