আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সতর্ক করে বলেন, কোথাও যদি ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে, তাহলে পোলিং অফিসার থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য—কেউই রেহাই পাবে না।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কীভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা যায় এবং সবাই যেন নিরপেক্ষভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে—এ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন চলাকালে কোনো ধরনের সহিংসতা যাতে না ঘটে, সে বিষয়ে সব বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, এবার মাঠ প্রশাসন নির্দ্বিধায় সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবে। তারা কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবে না, কারও প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার করবে না। নিরপেক্ষতা বজায় রেখেই কাজ করতে হবে।
শেরপুরের সাম্প্রতিক সহিংসতার বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক ক্ষেত্রে তদন্ত ও গ্রেপ্তারে কিছুটা সময় লাগে। তবে যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
প্রশাসনের উপস্থিতি থাকা সত্ত্বেও মারামারির ঘটনা কীভাবে ঘটে—এমন প্রশ্নে তিনি বলেন, কখনো কখনো পরিস্থিতি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন বাইরে থেকে এসে তাৎক্ষণিকভাবে থামানো কঠিন হয়ে পড়ে।
নির্বাচনের দিনও এমন পরিস্থিতি তৈরি হতে পারে কি না—জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিগত সব নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন সবচেয়ে ভালো ও সুশৃঙ্খল হবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও জানান, নির্বাচনের দিন প্রতিটি ইউনিয়ন পর্যন্ত অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস সবসময়ই প্রস্তুত থাকে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ভোটারদের ভোটকেন্দ্রে আসা-যাওয়ায় সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

