কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে নতুন অধ্যাদেশের নীতিগত অনুমোদনসহ মোট ১১টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, বৈঠকে কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ–২০২৬ নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। একইসঙ্গে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশের খসড়াও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া, জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ–২০২৬ এর খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত পণ্য সংঘনিরোধ অধ্যাদেশ–২০২৬ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।
বৈঠকে প্রতি বছর ২৩ মার্চকে ‘বিএনসিসি ডে’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে জাতিসংঘের নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তিবিরোধী কনভেনশন–এর ৭০(১) ধারার আওতায় বাংলাদেশ যে পূর্বঘোষণা দিয়েছিল, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, ক্যারিবীয় দেশ গায়ানায় বাংলাদেশের একটি নতুন কূটনৈতিক মিশন (সারফেয়ার্স/লোয়ার লেভেল মিশন) স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। একইসঙ্গে ২০২৫–২০২৮ মেয়াদের আমদানি নীতি আদেশের খসড়া অনুমোদন পেয়েছে।
আন্তর্জাতিক পারিবারিক আইনের ক্ষেত্রে অগ্রগতির অংশ হিসেবে হেগ কনভেনশন অন সিভিল অ্যাসপেক্টস অব ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন–১৯৮০–এ বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাবও বৈঠকে অনুমোদিত হয়েছে।
নগর উন্নয়নের ক্ষেত্রে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ–২০২৬ এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ–২০২৬–এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
উপদেষ্টা পরিষদের এসব সিদ্ধান্ত নারীর নিরাপত্তা, মানবাধিকার সংরক্ষণ, ক্রীড়া ও নগর উন্নয়ন, আন্তর্জাতিক কূটনীতি এবং বাণিজ্য ব্যবস্থায় কাঠামোগত সংস্কারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

