আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা চূড়ান্ত করতে সশস্ত্র ও আইন প্রয়োগকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ ৫২০) এই সমন্বয় সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। এর আগে শনিবার (১০ জানুয়ারি) ইসির উপ-সচিব মো. মনির হোসেন সভা আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেন।
এই সমন্বয় সভায় অংশ নিচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।
এছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত রয়েছেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সময়ে প্রস্তাবিত গণভোট ঘিরে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বজায় রাখা, বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার এবং নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করাই এই বৈঠকের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি গোয়েন্দা তথ্য বিনিময়, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

