সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, ভোটের মাঠে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে—এমন নির্দেশনা সরকারিভাবে দেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে ‘ভোটের চাবি আপনার হাতে’ স্লোগানে আয়োজিত ভোটের গাড়ি বা সুপার ক্যারাভান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, নির্বাচন যাতে কোনো ধরনের অনিয়ম বা বিচ্যুতি ছাড়াই অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সব আশঙ্কাকে ভুল প্রমাণ করে দেশে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকার এই সুপার ক্যারাভান কার্যক্রম হাতে নিয়েছে। উৎসবমুখর পরিবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও জনগণ অংশ নেবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
আলী ইমাম মজুমদার বলেন, দীর্ঘ সময় ধরে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। বিশেষ করে ৩০ থেকে ৩৫ বছর বয়সী অনেক নাগরিক এখনও ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার সেই সংকট কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরকার এ লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি বলেন, এই প্রজাতন্ত্রের প্রকৃত মালিক জনগণ। জনগণের হাতেই সব ক্ষমতা নিহিত। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী পাঁচ বছর কে দেশ পরিচালনা করবে।
অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হাসান ও সাইফুল মালিক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশিরসহ জেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

