ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিসহ বিশ্বের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার ইংরেজি নববর্ষ উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছরে যেন পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি—এই কামনাই তিনি করেন।
তিনি উল্লেখ করেন, নববর্ষ মানে নতুন প্রত্যাশা, নতুন স্বপ্ন ও সম্ভাবনার দ্বার উন্মোচন। বছরের এই নতুন সূচনা অতীতের গ্লানি ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এবং সুন্দর ভবিষ্যৎ নির্মাণে নব উদ্যম সৃষ্টি করে।
গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে অধ্যাপক ইউনূস বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই যেন মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে। নতুন বছরে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি ন্যায়ভিত্তিক, সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।
বাণীতে তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নতুন বছর জাতীয় জীবনের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা শুরু হয়েছে, তা নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মাধ্যমে পূর্ণতা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে—নতুন বছরে এটিই জাতির সবচেয়ে বড় প্রত্যাশা বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

