বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৭ প্লাটুন সদস্য মোতায়েন করেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।

প্রধান উপদেষ্টার দপ্তর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে, জানাজা ও দাফন আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এলাকা এবং জিয়া উদ্যানসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

