দেশের সীমান্ত ব্যবহার করে যেন কোনো অপরাধী বা সন্ত্রাসী পালিয়ে যেতে না পারে— সে বিষয়ে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই নির্দেশনা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত এলাকায় প্রয়োজন অনুযায়ী জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সীমান্ত দিয়ে কোনো অপরাধী বা সন্ত্রাসী যাতে দেশের বাইরে যেতে না পারে, সে বিষয়ে বিজিবিকে বিশেষভাবে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সব সময় প্রস্তুত থাকতে হবে। এ ধরনের অপরাধে কোনো কর্মকর্তা বা সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনায় কৌশলগত দক্ষতা ও পেশাদারিত্ব প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্ত অতিক্রম করে কোনো অপরাধী যেন পালাতে না পারে— সে বিষয়ে কঠোর নজরদারি বজায় রাখতে হবে।
এছাড়া আসন্ন নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

