আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে প্রায় ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়ে ইইউ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক সমঝোতা চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় ইইউ একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাবে। ইতোমধ্যে প্রতিনিধি দলের প্রধানের নাম জানা গেছে। তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাপস।
তিনি জানান, চুক্তিটি কয়েকদিন আগে সম্পন্ন হলেও ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস থেকে আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় তা প্রকাশ করা হয়নি। মঙ্গলবার রাতে সেই অনুমোদন নিশ্চিত হওয়ার পর বিষয়টি আজ জানানো হচ্ছে।
আখতার আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন। তবে তাদের চূড়ান্ত সংখ্যা ও কর্মসূচির বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে। ত্রিপক্ষীয় চুক্তির আওতায় নির্বাচন কমিশন পর্যবেক্ষক দলের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে।
তিনি আরও বলেন, পর্যবেক্ষকদের চলাচল ও যাতায়াতে সহায়তা করা হবে। তবে পার্বত্য চট্টগ্রামের মতো কিছু স্পর্শকাতর এলাকায় স্থানীয় নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। পর্যবেক্ষকরা নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে আনবেন এবং কাজ শেষে তা সঙ্গে নিয়েই ফিরবেন।
চুক্তি অনুযায়ী ইইউ পর্যবেক্ষক দল বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা মেনে দায়িত্ব পালন করবে বলেও জানান ইসি সচিব।
এদিকে ইইউ ছাড়াও তুরস্কসহ আরও কয়েকটি দেশ ও সংস্থা থেকে নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তাব পাওয়া গেছে। এসব বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

