ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড প্রদান পদ্ধতিতে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার থেকে কার্ড ও যানবাহনের স্টিকার পেতে সরাসরি উপস্থিত না হয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
তিনি বলেন, আগে প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে সরাসরি আবেদন করতে হতো। আবেদন যাচাই শেষে কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হতো। এতে সময় নষ্টের পাশাপাশি কমিশনেরও বাড়তি ব্যয় হতো। এসব বিষয় বিবেচনায় এনে এবার পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মো. রুহুল আমিন মল্লিক জানান, এ লক্ষ্যে একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। নির্ধারিত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সেখানে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।
আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd–এ।
আবেদনপত্রের সঙ্গে অফিসের প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি (প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট) কার্ড সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

