সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা অভিযোগটি আনুষ্ঠানিকভাবে মামলায় রূপ নিয়েছে। ওই মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি পুলিশ হেফাজতে নেয় এবং পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন ছাড়াও আরও দুজনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন মডেল মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।
গ্রেপ্তার প্রসঙ্গে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় ডিবি হেফাজতে থাকা আনিস আলমগীরকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা ডিবি কার্যালয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবেন। পরে তাকে আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন, যার মধ্যে দৈনিক আজকের কাগজ উল্লেখযোগ্য। সাম্প্রতিক সময়ে তিনি টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্যের কারণে আলোচনায় ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

