সাংবাদিক ও লেখক সাবরিনা শুভ্রা রচিত বই “মহাজীবনের উপাখ্যান”–এর প্রকাশনা অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (১০ মার্চ) বেলা ২টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেছে দশমিক প্রকাশনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ–১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং দৈনিক সময়ের আলো পত্রিকার উপদেষ্টা শায়রুল কবির খান।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখবেন সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। এতে সভাপতিত্ব করবেন দশমিক প্রকাশনীর প্রকাশক দিপান্ত রায়হান।
বইটির লেখক সাবরিনা শুভ্রা বলেন, দীর্ঘদিনের শ্রম, ভালোবাসা ও বিশ্বাসের ফসল হিসেবে তাঁর লেখা “মহাজীবনের উপাখ্যান” বইটি অবশেষে পাঠকের হাতে পৌঁছেছে।
তিনি জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন, আপসহীন রাজনৈতিক পথচলা, কারাবরণ এবং নানা প্রতিকূলতার মধ্যেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা এক সাহসী নেত্রীর ইতিহাস তাঁকে বইটি লিখতে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, হৃদয়ের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই বইটি রচিত হয়েছে এবং পাঠকদের কাছে এটি ভালো লাগবে বলে তিনি আশাবাদী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

