ডিজিটাল দুনিয়া জীবনকে করেছে আরও গতিশীল ও সহজ। কিন্তু এই সুবিধার আড়ালেই লুকিয়ে আছে এক নতুন চ্যালেঞ্জ-নিরবচ্ছিন্ন মানসিক চাপ। অফিসের কাজ, পরিবারের দায়িত্ব আর অনলাইনের অবিরাম আপডেটের ভিড়ে মস্তিষ্ক যেন বিশ্রাম নেওয়ার সুযোগই পায় না। ফলে বাড়তে থাকে মানসিক ক্লান্তি, আর সহজ কাজও কখনো কখনো কঠিন বলে মনে হয়।
১. দিনের প্রথম ঘণ্টা স্ক্রিন ছাড়া থাকুন
ঘুম থেকে উঠেই অনেকের প্রথম কাজ ফোন হাতে নেয়া। মেসেজ, ই-মেইল, খবর কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সবকিছু একসঙ্গে মনের ওপর চাপ ফেলে। তাই দিনের প্রথম ঘণ্টাটি যতটা সম্ভব ফোন বা অন্য স্ক্রিন থেকে দূরে থাকার চেষ্টা করুন। এই সময়টুকুতে নাস্তা করুন, কিছুক্ষণ হাঁটুন, বই পড়ুন বা নিজের সঙ্গে একটু সময় কাটান। দিনের শুরুটা শান্ত হলে পুরো দিনই তুলনামূলক বেশি মনোযোগী ও স্বস্তিদায়ক হতে পারে।
২. নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম
চাপ বা উদ্বেগ বাড়লে আমাদের শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে যায়। তখন কয়েক মিনিট ধীরে ধীরে গভীর শ্বাস নেয়া শরীরকে শান্ত হতে সাহায্য করে। বেলি ব্রিদিং বা বক্স ব্রিদিংয়ের মতো সহজ শ্বাস-প্রশ্বাসের কৌশল মানসিক চাপ কমাতে, মনোযোগ বাড়াতে এবং শরীরকে স্বস্তি দিতে কার্যকর হতে পারে।
৩. প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান
প্রকৃতির মাঝে এমন এক প্রশান্তি রয়েছে, যা ব্যস্ত মনকেও ধীরে ধীরে শান্ত করে দেয়। পার্কে হাঁটা, রোদে বসে থাকা কিংবা আকাশের মেঘ দেখা এসব ছোট অভিজ্ঞতাও মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করতে পারে। গবেষণাতেও দেখা গেছে, প্রকৃতির সংস্পর্শ মানসিক চাপ কমাতে ইতিবাচক ভূমিকা রাখে।
৪. কৃতজ্ঞতার ডায়েরি লিখুন
ব্যস্ততা ও দুশ্চিন্তার মধ্যে আমরা প্রায়ই জীবনের ভালো দিকগুলো ভুলে যাই। প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে এমন কিছু বিষয় লিখে রাখুন, যার জন্য আপনি কৃতজ্ঞ। হতে পারে সেটি পরিবারের ভালোবাসা, কোনো বন্ধুর সহযোগিতা কিংবা দিনের একটি সুন্দর মুহূর্ত। এই অভ্যাস ইতিবাচক চিন্তা বাড়াতে এবং মানসিক শান্তি খুঁজে পেতে সাহায্য করে।
৫. সৃজনশীল কাজ
সৃজনশীল কাজ শুধু আনন্দই দেয় না, মনকেও শান্ত করে। ছবি আঁকা, রঙ করা, হাতের কাজ করা কিংবা অন্য কোনও সৃজনশীল কাজে অংশ নিলে মস্তিষ্কে সুখানুভূতির সঙ্গে সম্পর্কিত রাসায়নিক নিঃসরণ বাড়তে পারে। এখানে নিখুঁত কিছু তৈরি করাই লক্ষ্য নয়; বরং প্রক্রিয়াটি উপভোগ করাই গুরুত্বপূর্ণ।
৬. গুনগুন করা
গুনগুন করে গান গাওয়া বা সুর তোলা শরীর ও মনের ওপর প্রশান্তিদায়ক প্রভাব ফেলতে পারে। এর কম্পন গলা, মুখ ও বুকে ছড়িয়ে পড়ে, যা স্নায়ুতন্ত্রকে কিছুটা শান্ত করতে সাহায্য করে। মন খারাপ বা অস্থির লাগলে নিজের পছন্দের কোনো সুর গুনগুন করে দেখতে পারেন।
৭. শরীরকে স্ট্রেচ করুন
মানসিক চাপ শুধু মনে নয়, শরীরেও প্রভাব ফেলে। ঘাড়, কাঁধ কিংবা পিঠে টান অনুভব হওয়া তারই লক্ষণ। প্রতিদিন কয়েক মিনিট ধীরে ধীরে স্ট্রেচিং করলে পেশির টান কমে এবং শরীর আরাম পায়। শরীর যখন শিথিল হয়, তখন মনও তুলনামূলক বেশি শান্ত অনুভব করে।
মনে রাখতে হবে নিজের মনকে শান্ত রাখা কিন্তু একদম সহজ কাজ নয়। প্রতিদিনের ছোট কিছু অভ্যাস নিয়মিত চর্চা করলে সমাধান পাবেন। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও যদি নিজের জন্য কিছু সময় বের করা যায়, তাহলে মানসিক চাপ কমিয়ে আনা সম্ভব। সূত্র: হিন্দুস্তান টাইমস
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

