সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আপিলের রায় আজ (সোমবার, ২ জুন) ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের বেঞ্চ এই রায় দেবেন। এর আগে, গত ২৯ মে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয় এবং রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়।
২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। ঘটনার পাঁচদিন পর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন। র্যাব তদন্ত করে ১৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয় এবং ঘটনাটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করে।
২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া পাঁচজনকে যাবজ্জীবন এবং সাতজনকে খালাস দেওয়া হয়। রায়ের পর নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং দণ্ডিতরা আপিল করেন।
আজকের রায় ঘিরে দেশজুড়ে নজরদারি রয়েছে। এটি শুধু একটি হত্যা মামলার রায় নয়, বরং পুলিশি ক্ষমতার অপব্যবহার, আইনের শাসন ও বিচার বিভাগের নিরপেক্ষতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাও।
একুশে সংবাদ / আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

