জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত জলপথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় হরমুজ প্রণালিতে ইরানের টোল (শুল্ক) আরোপের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলসীমা। সেখানে কোনো একক দেশের টোল আদায় বা একক কর্তৃত্ব প্রতিষ্ঠা গ্রহণযোগ্য নয়।”
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পরপরই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করে ইরান।
মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের অন্যতম প্রধান এই রুটে বিঘ্ন সৃষ্টি হওয়ার পর থেকে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক এই মন্তব্যের ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে। বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে টানাপোড়েন চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

