ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যদের উদ্ধারে বিশেষ অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। শুক্রবার (৩ এপ্রিল) রাতে এ অভিযান শুরু হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
দ্য টেলিগ্রাফের বরাতে ইয়াহু নিউজ জানায়, ইরানের আকাশসীমায় একটি এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। এতে থাকা দুই ক্রু সদস্য বের হতে সক্ষম হন। তাদের উদ্ধারে দ্রুত সামরিক তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে বলা হয়, উদ্ধার অভিযানে দুটি সামরিক হেলিকপ্টার এবং একটি জ্বালানি সরবরাহকারী বিমান অংশ নেয়। তবে অভিযানের সময় ইরানি বাহিনীর গুলিতে হেলিকপ্টারগুলো ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো নিরাপদে ইরাকের দিকে ফিরে যেতে সক্ষম হয়।
এদিকে এক ক্রু সদস্যকে উদ্ধার করা গেলেও অপরজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে বের করতে ইরানের স্থানীয় গণমাধ্যমে তল্লাশি কার্যক্রমের চিত্র প্রকাশ করা হয়েছে এবং তথ্য দিলে পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে সিবিএস নিউজের বরাতে বলা হয়, উদ্ধার অভিযানে অংশ নেওয়া একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানও হামলার মুখে পড়ে। এ সময় পাইলট নিরাপত্তার জন্য সাগরে ঝাঁপ দেন এবং পরে তাকে উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে অংশ নেওয়া একটি হেলিকপ্টারে গুলির আঘাতে কয়েকজন ক্রু আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান এখনো অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

