ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার সঙ্গে সম্পৃক্ত বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি বাতিল করেছে স্পেন। সোমবার (৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবেলস এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন প্রবেশাধিকারে কিছু বিধিনিষেধ আরোপ করেছিল স্পেন। সর্বশেষ সিদ্ধান্তে সেই অবস্থান আরও কঠোর করে ইরান যুদ্ধ-সংশ্লিষ্ট মার্কিন সামরিক কার্যক্রমে আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মাদ্রিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য স্পেন তার আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না।
এই সিদ্ধান্তের ফলে মার্কিন সামরিক বিমানগুলোকে বিকল্প রুট ব্যবহার করতে হতে পারে। তবে জরুরি বা বিশেষ পরিস্থিতির ফ্লাইটের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানা গেছে।
স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু হওয়া কোনো যুদ্ধে সমর্থন না দেওয়ার নীতিরই প্রতিফলন এই পদক্ষেপ।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে আসছেন। এদিকে, স্পেনের এই অবস্থানের জেরে দেশটির বিরুদ্ধে বাণিজ্যিক প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্লেষকদের মতে, স্পেনের এ সিদ্ধান্ত ইউরোপীয় মিত্রদের মধ্যে ইরান ইস্যুতে বাড়তে থাকা মতপার্থক্যকে আরও স্পষ্ট করে তুলতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

