ইরানকে ঘিরে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সামরিক ক্ষতির মুখে পড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সংঘাতের সময় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ১১টি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে। এতে মোট ক্ষতির পরিমাণ ৩৩০ মিলিয়ন ডলারেরও বেশি বলে ধারণা করা হচ্ছে।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের সময় এই ড্রোনগুলো ভূপাতিত হয়েছে। সিবিএস নিউজ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, চলমান এই যুদ্ধে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক সরঞ্জাম ক্ষতির ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এমকিউ-৯ রিপার ড্রোন মূলত চালকবিহীন আকাশযান, যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং পর্যবেক্ষণ কার্যক্রমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। একই সঙ্গে নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতাও রয়েছে এ ড্রোনের।
তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে এ ধরনের ড্রোন তুলনামূলকভাবে সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। কারণ এগুলো মূলত এমন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য তৈরি করা হয়েছিল, যেখানে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ফলে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাসম্পন্ন আকাশসীমায় পরিচালনা করা তুলনামূলক ঝুঁকিপূর্ণ।
প্রযুক্তিগত দিক থেকে এমকিউ-৯ রিপার ড্রোনের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৪৮০ কিলোমিটার। অন্যদিকে আধুনিক যুদ্ধবিমান ঘণ্টায় প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৯০০ মাইল গতিতে উড়তে পারে, যা ড্রোনটির তুলনায় অনেক বেশি দ্রুত।
তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড, সিবিএস নিউজ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

