প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে।
বুধবার (৪ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির নৌ শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ বলেন, “এই মুহূর্তে হরমুজ প্রণালী ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।” তিনি দাবি করেন, আঞ্চলিক জলসীমায় ইরানি নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে ট্যাংকার চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এ দাবিকে প্রত্যাখ্যান করে বলা হয়েছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ইরান নিজেই নিশ্চিত করছে।
বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যু ঘিরে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং একই সঙ্গে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন করে আঞ্চলিক অস্থিরতা তৈরি করতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

