পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মিরানশাহ ও স্পিনওয়াম এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আফগান গণমাধ্যম টোলো নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে আফগান সীমান্তে পাকিস্তান বিমানবাহিনীর হামলার জবাবে এই ড্রোন অভিযান চালানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে টোলো নিউজ জানায়, ড্রোন হামলার পর স্পিনওয়াম সেনা ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের নির্দিষ্ট তথ্য জানা যায়নি।
তালেবান কর্তৃপক্ষের দাবি, পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এই ড্রোন আক্রমণ চালানো হয়েছে। তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে শুক্রবার থেকে প্রতিবেশী দুই দেশ কার্যত যুদ্ধাবস্থায় জড়িয়ে পড়েছে। দিনভর হামলা ও পাল্টা হামলার পাশাপাশি উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিদেশি গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, পাকিস্তানের অভিযানে আফগান বাহিনীর অন্তত ২৯৭ জন নিহত এবং ৪৫০ জনের বেশি আহত হয়েছে। পাশাপাশি আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি ও ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি। দেশটির ২৯টি স্থানে হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করেন জাইদি।
অন্যদিকে তালেবান সরকারের এক মুখপাত্র দাবি করেছেন, আফগান বাহিনীর হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত এবং ১৯টি সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানের হামলায় আটজন তালেবান যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এছাড়া নানগরহার প্রদেশে অন্তত ১৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছে।
তবে উভয় পক্ষের হতাহত ও ক্ষয়ক্ষতির এসব দাবি আল জাজিরা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

