জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণ থেকে ইমামকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে পুরোনো শহর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আল-আকসা মসজিদের ভেতর থেকেই ইমাম শাইখ মোহাম্মদ আল-আব্বাসিকে ধরে নিয়ে যায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আল-আকসা মসজিদকেন্দ্রিক বিধিনিষেধ আরও কঠোর করেছে ইসরায়েল। ইমাম, খতিব ও মুসল্লিদের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি মসজিদে প্রবেশের ক্ষেত্রেও নতুন নতুন সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। একই সঙ্গে পুলিশের পাহারায় বসতি স্থাপনকারীদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের ঘটনাও বেড়েছে।
পবিত্র রমজান মাস শুরুর আগে এ ধরনের পদক্ষেপ মুসলিমদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর আগেই জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ একরিমা সাবরি অভিযোগ করেছিলেন, রমজানকে সামনে রেখে আল-আকসায় মুসল্লিদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে নেতানিয়াহু সরকার।
এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস এক বিবৃতিতে জানিয়েছে, আটক ইমাম শাইখ মোহাম্মদ আল-আব্বাসির বিরুদ্ধে আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংগঠনটির দাবি, এটি মসজিদের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুতর আঘাত। পাশাপাশি রমজানকে সামনে রেখে আল-আকসায় প্রয়োজনীয় প্রস্তুতিতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
সূত্র: ওয়াফা
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

