স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার (১৯ জানুয়ারি)ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়, কোরদোবা প্রদেশের আদামুজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশে যাত্রারত একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের রেললাইনে ছিটকে পড়ে। এতে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি ট্রেনও দুর্ঘটনার কবলে পড়ে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক বিবৃতিতে বলেন, দেশ একটি গভীর শোকের রাত পার করছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণকে তিনি ‘অস্বাভাবিক’ বলে উল্লেখ করলেও কীভাবে এই ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।
আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো দুর্ঘটনাটিকে ‘একটি ভয়াবহ দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেন। খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে ছুটে যান।
আন্দালুসিয়ান জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় মোট অন্তত ৭৩ জন আহত হয়েছেন। উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, জীবিতদের কাছে পৌঁছাতে গিয়ে অনেক ক্ষেত্রে নিহতদের মরদেহ সরিয়ে এগোতে হয়েছে।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, ট্রেনটি মালাগা স্টেশন ছাড়ার প্রায় ১০ মিনিটের মধ্যেই দুর্ঘটনায় পড়ে। ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

