চলতি বছরের মধ্যে সিলেট বিভাগে এক মাসে সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে মে মাসে। এ মাসে বিভাগজুড়ে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন মোটরসাইকেল চালক ও আরোহী।
শনিবার (৬ জুন) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মে মাসে সিলেট জেলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। জেলায় ১৭টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১৩টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আর সবচেয়ে কম প্রাণহানি হয়েছে মৌলভীবাজার জেলায়। সেখানে ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
নিসচার প্রতিবেদনে বলা হয়, ঈদযাত্রাকালে বিভাগে ৯টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু এক বিবৃতিতে জানান, স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ, অনলাইন মাধ্যমের তথ্য, অপ্রকাশিত বা অনুমেয় ঘটনা এবং নিসচার বিভিন্ন শাখার তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চালকদের মধ্যে প্রতিযোগিতামূলক ও বেপরোয়া গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক নির্মাণত্রুটিকে চিহ্নিত করা হয়েছে।
নিহতদের মধ্যে ১৯টি দুর্ঘটনায় ২০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৬টি দুর্ঘটনায় ১১ জন সিএনজি অটোরিকশা ও টমটমের চালক-আরোহী এবং ৯টি দুর্ঘটনায় ৯ জন পথচারী ছিলেন।
এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়ার ৭টি দুর্ঘটনায় ৭ জন, মুখোমুখি সংঘর্ষের ১৪টি দুর্ঘটনায় ১০ জন এবং গাছ বা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
মে মাসে নিহত ৫১ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী ও ৬ জন শিশু ছিলেন। এর আগে এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

