AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৩ এএম, ৮ জানুয়ারি, ২০২৬

‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিপণনসহ পুরো তেল খাতের ব্যবস্থাপনার দায়িত্ব নিজের হাতে নিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।

মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভেনেজুয়েলার তেল শিল্প যাতে আরও অস্থিরতার মধ্যে না পড়ে, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রুবিও জানান, ভেনেজুয়েলার তেল খাত বর্তমানে কাঠামোগত বিশৃঙ্খলার মুখে রয়েছে। এই পরিস্থিতিতে তেল উত্তোলন, বিপণন ও রপ্তানিসহ সার্বিক ব্যবস্থাপনা আপাতত যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হবে। তিনি বলেন, এটি ভেনেজুয়েলার তেল খাত সংস্কারের প্রথম ধাপ।

তার ভাষ্য অনুযায়ী, সংস্কারের এই প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র সরকার ও সরকারের অনুমোদনপ্রাপ্ত সংস্থা বা কোম্পানি ছাড়া অন্য কোনো পক্ষকে ভেনেজুয়েলার তেল খাতে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। সংস্কার প্রক্রিয়া শেষ হলে দ্বিতীয় ধাপে মার্কিন ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর কোম্পানিকে ন্যায্য প্রতিযোগিতার ভিত্তিতে ভেনেজুয়েলার বাজারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলা থেকে সাগরপথে তেল যুক্তরাষ্ট্রে আনা হবে এবং সেখান থেকেই আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হবে।

ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম তেলসমৃদ্ধ দেশ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানায়, দেশটির ভূগর্ভে প্রায় ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুত রয়েছে, যা বৈশ্বিক মোট মজুতের প্রায় এক-পঞ্চমাংশ।

তবে বিপুল মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার দৈনিক তেল উৎপাদন তুলনামূলকভাবে কম। বর্তমানে দেশটি প্রতিদিন গড়ে প্রায় ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন করে, যা বিশ্ববাজারে মোট দৈনিক সরবরাহের মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ।

ভেনেজুয়েলার অপরিশোধিত তেল অত্যন্ত ভারী ও ঘন প্রকৃতির হওয়ায় এর উত্তোলন ও পরিশোধনে বিশেষ প্রযুক্তি ও অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। তবে এই তেল থেকে উচ্চমানের ডিজেল, অ্যাসফল্ট, শিল্প জ্বালানি ও ভারী যন্ত্রপাতিতে ব্যবহারের উপযোগী বিভিন্ন জ্বালানি উৎপাদন সম্ভব।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘অপারেশন অ্যাবসোলিউট ডিজলভ’ নামে একটি সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। অভিযানের সময় সংঘর্ষে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য নিহত হন বলে জানা যায়।

বর্তমানে মাদুরো দম্পতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক পাচার, মাদক সন্ত্রাস ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে, যা মার্কিন আদালতে বিচারাধীন রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!