নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশে একটি স্থানীয় বাজারে সশস্ত্র হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হামলাকারীরা গুলি চালানোর পাশাপাশি বাজারের দোকানপাটে লুটপাট ও আগুন দেওয়ার ঘটনাও ঘটিয়েছে।
স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ডেমো গ্রামের কাসুয়ান দাকি বাজারে এই সহিংসতা ঘটে। নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন জানান, মোটরসাইকেলে করে আসা একদল সশস্ত্র ব্যক্তি বাজারে ঢুকে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান।
পুলিশ জানায়, হামলাকারীরা কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও লুটপাট চালানোর পাশাপাশি কয়েকজনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহৃতদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।
স্থানীয়দের কাছে এই সশস্ত্র গোষ্ঠী ‘ডাকাত’ নামে পরিচিত। হামলায় আহত দাউদা সাকুল্লে নামের এক ব্যক্তি জানান, নারী ও শিশুরাও হামলার হাত থেকে রেহাই পায়নি। ঘটনার সময় বাজার এলাকায় কোনো নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল না বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অপহৃতদের উদ্ধারে জোরালো পদক্ষেপ এবং ঝুঁকিপূর্ণ অঞ্চল, বিশেষ করে বনঘেঁষা এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে প্রায় এক মাস আগে নাইজেরিয়ার মধ্যাঞ্চলের একটি ক্যাথলিক স্কুল থেকে বন্দুকের মুখে প্রায় ৩০০ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। ওই ঘটনায় এখনো সব শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

