দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৬৯ শিশু আক্রান্ত হয়েছে।
রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে একজনের হাম পরীক্ষায় শনাক্ত হয়েছিল, আর চারজনের হামের উপসর্গ ছিল। হাম শনাক্ত হওয়া শিশুটি ঢাকায় মারা গেছে। অন্যদিকে হামের উপসর্গে ঢাকায় দুইজন এবং সিলেট ও বরিশালে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬৯ শিশুর মধ্যে ৯০ জনের হাম শনাক্ত হয়েছে। বাকিদের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত হামের উপসর্গে ৬৬৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৪ শিশু।
এ সময়ে দেশে ১ লাখ ১১ হাজার ৪৮০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১৩ হাজার ৫০০ শিশুর হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৮০ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৮৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ৮৪৩ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৯০ হাজার ৬০৫ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

