AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২৮ পিএম, ৩ জুন, ২০২৬

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা (পরিচালক) মোহাম্মদ মাহমুদুল হাসান।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষও তাদের নিজস্ব তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে জমা দিয়েছে। মঙ্গলবার (২ জুন) ওই প্রতিবেদন জমা দেওয়া হয় বলে জানা গেছে।

গত ২৭ মে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের প্রসব-পরবর্তী ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

স্বজনদের অভিযোগ অনুযায়ী, সেদিন ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। এ ঘটনায় অবহেলার অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। এক নবজাতকের স্বজনের অভিযোগের ভিত্তিতে রমনা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছিলেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাহিদুল ইসলাম।

ঘটনার তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরও তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি। পরে সময় বাড়ানোর আবেদন করলে ৩ জুন পর্যন্ত সময় দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদনে কী সুপারিশ বা পর্যবেক্ষণ রয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার (৪ জুন) গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন বলে জানা গেছে। তার বক্তব্যের পর তদন্তের ফলাফল ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!