দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৬ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (২৬ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা ৪ জন,ময়মনসিংহ বিভাগে ২ জন,সিলেট,বরিশাল ও রাজশাহীতে ১ জন করে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ১ জন একজন মারা গেছেন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৮৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৬৬ হাজার ০২৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের শরীরে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৫৩০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৪৮ হাজার ৮০০ জন।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

