স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে। এখন পর্যন্ত দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।
সোমবার (২৫ মে) দুপুরে কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রথম ধাপে যেসব ১৮টি উপজেলায় টিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছিল, সেখানে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।
হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শুধু শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না। আমাদের প্রধান লক্ষ্য হলো শিশুদের রক্ষা করা এবং কোনো মায়ের বুক যেন সন্তান হারানোর বেদনায় খালি না হয়, তা নিশ্চিত করা।”
এর আগে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন সংকট, চিকিৎসাসেবা ও খাবারের মান যাচাই করেন এবং রোগীদের অভিযোগ শোনেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শাহ জাহান, সহকারী পরিচালক ডা. নিশাত সুলতানা, শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকসহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন পর্যায়ের নেতারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

