দেশে গত ২৮ দিনে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৭৪ জনে।
শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ২৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের লক্ষণ বা সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৪৫ শিশু।
আক্রান্তের পরিসংখ্যানে বলা হয়েছে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৮৯ শিশু, আর সন্দেহজনক উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৩৮৫ শিশু।
অঞ্চলভিত্তিক তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা বিভাগে মোট আক্রান্ত ও সন্দেহজনক মিলিয়ে ৭ হাজার ৪৭৮ শিশু এবং রাজশাহী বিভাগে ৩ হাজার ৪৪৯ শিশু আক্রান্ত হয়েছে।
বিশেষজ্ঞরা এ পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

