দেশে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের উদ্যোগে আয়োজিত এই আলোচনায় চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
বৈঠকে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমিন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হানিফ, ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগমসহ বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা।
বক্তারা বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে হামের বিস্তার নিয়ন্ত্রণে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় টিকাদান কর্মসূচির পরিধি বাড়ানো, স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে কার্যকর নজরদারি জোরদার করা জরুরি। পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় হামের প্রাদুর্ভাব কোনো নতুন ভাইরাস মিউটেশনের ফল কিনা তা নির্ধারণে গবেষণার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সচেতনতা বৃদ্ধির কৌশল নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে বর্তমান পরিস্থিতি মোকাবেলা ও ভবিষ্যতে এ ধরনের প্রাদুর্ভাব প্রতিরোধে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এসব সুপারিশ স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেষে এ ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ ইস্যুতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

