স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুষ্কৃত, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করতে চান বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোসাইটি অব সার্জনস আয়োজিত ‘সিএমই অন মেডিকেল এথিক্স’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের চিকিৎসা খাতকে এগিয়ে নিতে চিকিৎসকদের সহযোগিতা অত্যন্ত জরুরি। সমন্বিত প্রচেষ্টা ছাড়া এত বড় খাত সঠিকভাবে পরিচালনা করা কঠিন।
তিনি বলেন, “আমি চাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, দুষ্কৃতমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে। এখানে সন্ত্রাস বলতে শুধু সহিংসতা নয়, সিদ্ধান্ত ও ব্যবস্থাপনায় অনিয়মকেও বোঝায়।”
স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, তাদের সহযোগিতা ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি তৃণমূল পর্যায়ের চিকিৎসকদের কাছেও বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনি সম্প্রতি জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন ব্যবস্থাপনা, হাম রোগ নিয়ন্ত্রণে প্রস্তুতি এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এনআইসিইউ ও ভেন্টিলেশন সুবিধা বৃদ্ধির মতো সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন।
বক্তারা চিকিৎসা ক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব ও সেবার মান উন্নয়নের ওপর জোর দেন।
অনুষ্ঠানে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মনির হোসেন খানসহ দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

