সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের চলমান কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
তিনি জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে হাসপাতালের নিরাপত্তা জোরদারসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে হাসপাতালের বিভিন্ন স্পর্শকাতর স্থানে আনসার সদস্যদের ডিউটি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে ইন্টার্ন চিকিৎসকরা তাদের মোট আটটি দাবি ও প্রস্তাব কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন, যেগুলো বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে।
তবে মানসিক প্রস্তুতি ও পরিবেশ স্বাভাবিক করার স্বার্থে ইন্টার্ন চিকিৎসকরা আজই কাজে যোগ না দিয়ে আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে নিয়মিত দায়িত্বে ফিরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রতিটি এডমিশন ইউনিটে একজন পুরুষ ও একজন নারী ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষিত আনসার মোতায়েন; সন্ধ্যায় নির্দিষ্ট সময় অন্তর ওয়ার্ডভিত্তিক টহল টিম চালু করা এবং রাতের সময় ইমার্জেন্সিতে অতিরিক্ত নিরাপত্তা ফোর্স প্রস্তুত রাখা।
এছাড়া রোগীর সঙ্গে সর্বোচ্চ দুইজন অ্যাটেনডেন্ট থাকার সীমা নির্ধারণ, শীত ও গ্রীষ্মকাল অনুযায়ী আলাদা ভিজিটিং টাইম চালু, পরিচালক সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক সমন্বয় সভা আয়োজন, এবং বিশেষ করে ভর্তি কার্যক্রমের সময় ইন্টার্নদের সঙ্গে অভিজ্ঞ মিডলেভেল চিকিৎসক উপস্থিত রাখার দাবি জানানো হয়।
ইন্টার্ন চিকিৎসকরা আরও অভিযোগ করেন, অনেক সহকারী রেজিস্ট্রার তাদের প্রশিক্ষণ ও শিক্ষাদানে পর্যাপ্ত দায়িত্বশীলতা দেখান না। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের কার্যকারিতা বাড়ানো, আনসার ও আউটসোর্সিং কর্মীদের নিয়মিত ওয়ার্ড রোটেশন, এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের দাবিও জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি চিকিৎসায় অবহেলার অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান। এতে হাসপাতালের চিকিৎসাসেবা আংশিকভাবে ব্যাহত হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

