ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চলতি মৌসুমে পাটের আবাদ ও উৎপাদনে আশাব্যঞ্জক চিত্র দেখা গেছে। অনুকূল আবহাওয়া এবং কৃষকদের পরিচর্যার কারণে এবার পাটের ফলন গত বছরের তুলনায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর চরভদ্রাসন উপজেলায় মোট ৯১৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ১ হাজার ৯৬০ মেট্রিক টন পাট উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যা গত বছরের তুলনায় ৭০ মেট্রিক টন বেশি।
কৃষি সংশ্লিষ্টরা জানান, সময়মতো বপন, অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শের কারণে এবার পাটের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বাজারে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে আগামী মৌসুমে আরও বেশি কৃষক পাট চাষে আগ্রহী হবেন।
উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি পাটের মান উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
কৃষকদের প্রত্যাশা, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি যদি বাজারে পাটের ন্যায্যমূল্য পাওয়া যায়, তাহলে পাট চাষ আরও লাভজনক হবে এবং এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

