বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খানরা চুপ থাকলেও বুধবার (২২ জুলাই) রাতে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কথা বলেন সালমান খান। তারপরই ‘ককরোচ জনতা পার্টি’দের সমর্থন জানালেন অভিনেত্রী আলিয়া ভাট।
দিল্লির যন্তর-মন্তরে টানা ছাব্বিশ দিন ধরে হওয়া বিক্ষোভে নাটকীয় মোড় নেয় গত ২০ জুলাই। সেদিন সংসদ অভিমুখী কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের রুখতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস, জলকামান চালায় পুলিশ। এ অবস্থায় শিক্ষার্থীদের কঠিন পরিস্থিতিতে দেশজুড়ে প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা।
অভিনেত্রী আলিয়া ভাট শিক্ষার্থীদের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন, গত কয়েকদিনের ঘটনায় মন ভেঙেছে আমার। কিন্তু আশার আলোও রয়েছে। শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড়।
এর পেছনের কারণ একটি স্বপ্নপূরণের আকাঙ্ক্ষা, একটি গোটা পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগস্বীকার করে এক দীর্ঘ পথচলার কাহিনী। আন্দোলনকারীরা শুধু নিজেদের কথা বলছে না, তারা একটি প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। ভবিষ্যৎ প্রজন্মের পথ আরও প্রশ্বস্ত করছে।
বলি তারকার ভাষ্য-শিক্ষার্থীদের সাহস আমাকে নম্রতার শিক্ষা দিলো। তাদের দৃঢ় সংকল্প আমাদের সবার সামনে একটি প্রতিচ্ছবি উপস্থাপন করল। যা আমাদের প্রশ্ন করতে শেখাল যে, যারা দেশের প্রকৃত উত্তরাধিকার এবং যাদের হাতে দেশের ভবিষ্যৎ সমর্পিত। কিন্তু আমরা কি সেই আগামী প্রজন্মের কথা শুনছি?
এছাড়াও তিনি শিক্ষার্থীদের প্রশংসা করে সংযোজন করেন, এই সংহতি শিক্ষার্থীদের জন্য। ওদের কাছেই ভবিষ্যৎ। জয় হিন্দ।
এদিকে ককরোচ জনতা পার্টির আন্দোলনে আলিয়া ভাটের এমন পোস্ট রীতিমত ভাইরাল। তার সংহতি অনুপ্রেরণা দিচ্ছে আন্দোলনকারীদের।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

