শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমার অভিনীত নতুন ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। তারকাবহুল এই ছবির প্রচারণায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা। সম্প্রতি ছবিটির একটি গান প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সহশিল্পীদের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই ভোজপুরি ভাষা ও গানের প্রশংসা করে অক্ষয় বলেন, ‘হলিউডের চেয়েও ভোজপুরি ভালো।’
নতুন ছবিতে একটি ভোজপুরি গান ব্যবহার করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনেই এক সাংবাদিক জানতে চান, ভবিষ্যতে তিনি ভোজপুরি চলচ্চিত্রে কাজ করার কথা ভাবছেন কি না। জবাবে অক্ষয় কুমার মজার ছলে বলেন, ‘হলিউডের চেয়েও ভোজপুরি ভালো। কারণ ওরা এই গান শুনতে পারবে না, কিছুই বুঝবে না। এ ধরনের গান তারা আগে কখনও দেখেনি।’
অক্ষয়ের এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। একই সঙ্গে ভোজপুরি ভাষা ও সংস্কৃতির প্রতি তার ইতিবাচক মনোভাবও প্রকাশ পায়।
নিজের বক্তব্য আরো স্পষ্ট করে অক্ষয় বলেন, ‘আমাদের দেশে এত বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে, এটা নিয়ে আমরা গর্ব করতে পারি। আমাদের গানও নানা সংস্কৃতির ছোঁয়ায় তৈরি হয়। আমাদের সংস্কৃতি এবং দেশের এই বৈচিত্র্য নিয়ে গর্ব করা উচিত।’
অনুষ্ঠানে `ওয়েলকাম টু দ্য জঙ্গল`-এর শিল্পীরা
এরপর আলোচনায় আসে ছবিটির সাফল্যের কথা। মজার ছলে অক্ষয় জবাব দেন, “থ্রি ইডিয়টস’ মাত্র তিনজন প্রধান অভিনেতা দিয়ে ব্লকবাস্টার হয়েছিল; আর ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ ৩০ জনেরও বেশি অভিনয়শিল্পী আছেন, তাই সম্ভাবনা অনেক।”
আহমেদ খান নির্মিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ অক্ষয়ের সঙ্গে আরো আছেন সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জনি লিভার, ফরিদা জালাল, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, রাজপাল যাদবসহ আরো অনেকে। এটি তুমুল জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

