নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের ছবি ‘বনলতা সেন’ ঈদে মুক্তি পেয়েছিলো। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’কে উপজীব্য করে গল্প বুনেছেন এ নির্মাতা।
ছবিটি দেখে সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল মুগ্ধতা এবং আফসোস প্রকাশ করেছেন।
শনিবার এক ফেসবুকে কোনাল লেখেন, “দেখে এলাম ঈদের চলচ্চিত্র ‘বনলতা সেন’। শিল্পপ্রেমীদের জন্য এটি এক রঙিন ক্যানভাসের মতো। এই প্রথম আমার খুব আফসোস হয়েছে, কেন আমি বাংলাদেশে বড় হইনি, কেন আরো বেশি বাংলা সাহিত্য পড়িনি, কেন জীবনানন্দকে আরো ভালো করে এক্সপ্লোর করিনি এতদিন।”
পোস্টে নির্মাতা উজ্জ্বলের ভূয়সী প্রশংসা করেছেন কোনাল। গল্পে যেভাবে যিশু খ্রিস্ট ও রবীন্দ্রনাথ ঠাকুরকে সমন্বয় করেছেন, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। এজন্য উজ্জ্বলকে ‘জিনিয়াস’ বলে সম্বোধন করেছেন গায়িকা।
ছবির সংগীত প্রসঙ্গে কোনাল লেখেন, ‘আবহ সংগীত অত্যন্ত সূক্ষ্ম কিন্তু শক্তিশালী। দৃশ্যের সঙ্গে নিবিড়ভাবে মিশে গিয়েছে। ‘এখানে কেউ নেই’ গানটি অদ্ভুত এক বিষণ্ণতা জাগিয়েছে মনে, যেমনটা আগে কখনো শোনা যায়নি। এর জন্য বাপ্পা (বাপ্পা মজুমদার) দাকে কুর্নিশ।’
ছবির পুরো টিমকেই সাধুবাদ জানিয়েছেন কোনাল। সেই সঙ্গে অনুসারীদের উদ্দেশ্যে বলেছেন, ‘বনলতা সেন’ দেশি-বিদেশি সব দর্শকের দেখা উচিৎ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

