AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘রুম ঝুম’-এ মুগ্ধ তুরস্কও


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:৫১ পিএম, ২৭ মে, ২০২৬

‘রুম ঝুম’-এ মুগ্ধ তুরস্কও

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘রুম ঝুম’ গান দিয়ে শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের যাত্রা। গত শনিবার (২৩ মে), নজরুল জয়ন্তীর আগের দিন গানটি প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই এটি শুধু দেশেই নয়, তুরস্কেও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।

একসময় বসফরাস উপকূল তথা অটোমান অঞ্চল থেকে যে সুর বাংলায় এসেছিল, সেই সুরের মাধ্যমেই এবার দুই দেশের সাংস্কৃতিক বন্ধন নতুন মাত্রা পেল।

‘রুম ঝুম’ গানটির মূল সুর নেওয়া হয়েছে অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ থেকে। পরবর্তীতে কবি কাজী নজরুল ইসলাম সেই সুরকে বাংলা বর্ষার আবহে নতুন রূপ দিয়েছিলেন।

প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশিরা এই গান গেয়ে আসলেও এর দীর্ঘ ভ্রমণের কথা অনেকেরই অজানা ছিল। এবার সেই সংগীত ঐতিহ্যকে পুনরায় একত্রিত করে এই যাত্রাকে পূর্ণতা দিয়েছে কোক স্টুডিও।

ইউটিউবে গানটির মন্তব্যের ঘরে চোখ বুলালেই দেখা যাচ্ছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শ্রোতাদের উচ্ছ্বাস। বিশেষ করে তুরস্ক থেকে বহু শ্রোতা গানটির নিচে তাদের মুগ্ধতার কথা জানিয়েছেন তাদের নিজেদের ভাষায়। বাংলাদেশ থেকে তাদের সংস্কৃতি নিয়ে এমন কাজের সঙ্গে নজরুল সংগীতের কোলাব- সব মিলিয়ে চমকেই দিয়েছে তুরস্কের শ্রোতাদের।

মেহমেত হান নামের এক তুর্কি শ্রোতা লিখেছেন, ‘বিশুদ্ধ তুর্কি ও চমৎকার বাঙালি বাতাস।’ বেরু কায়মাক নামের আরেকজন লিখেছেন, ‘কী রোম্যান্টিক, আমার দারুণ লেগেছে! তুরস্ক থেকে শুভেচ্ছা।’ চেয়দা নামের এক শ্রোতা তুর্কি ভাষার সৌন্দর্য তুলে ধরার জন্য ভালোবাসা প্রকাশ করেছেন। ইউসুফ সাবরি নামের এক দর্শক গানটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে বলে প্রশংসা করেছেন।

তুর্কি শ্রোতাদের পাশাপাশি ভারতের শ্রোতারাও তুরস্ক এবং বাংলাদেশের এই কোলাবোরেশনকে ‘টপনচ’ বলে আখ্যায়িত করছেন। এমনকি পাকিস্তান থেকেও শ্রোতারা এই আয়োজনে ভালোবাসা জানিয়েছেন।

গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান এবং তাদের সঙ্গে সহযোগিতা করেছেন তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। এই গানের মাধ্যমেই কোক স্টুডিও বাংলার মঞ্চে মাহতিমের অভিষেক এবং নুসরাতের নতুন কণ্ঠ হিসেবে যাত্রা শুরু হলো। গানটির সংগীত প্রযোজনা করেছেন শুভেন্দু দাস শুভ।

উল্লেখ্য, কোক স্টুডিও বাংলা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে কালজয়ী সংগীতকে বর্তমান প্রজন্মের সাথে সংযুক্ত করার মতো করে উপস্থাপন করা হচ্ছে এবং একইসাথে এর মূল শেকড় ও ঐতিহ্যের প্রতি যথাযথ সম্মান ও নিবেদন বজায় রাখা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!