‘সারার সংসার’ নামে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রোজেক্টটি আসছে এবার সিনেমা আকারে। এতে অভিনয় করবেন, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে এ সিনেমাটি নির্মান করেছেন নির্মাতা আকা রেজা গালিব।
তবে গল্পটি সময়োপযোগী করে দর্শকের সামনে উপস্থাপন করতে এর কিছু প্লট ও চরিত্রের নামে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত প্রায় ৯৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে।
সিনেমার গল্প নিয়ে নির্মাতা আকা রেজা সংবাদ মাধ্যমে গালিব জানান, এটি মূলত পারিবারিক গল্প, যেখানে থ্রিলারের ছোঁয়া রাখা হয়েছে।
মা ও মেয়ের গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি। মেয়ের ওপর নেমে আসা এক বিপদ এবং নানা বাধা অতিক্রম করে তাকে উদ্ধার করতে মায়ের ভূমিকাই এখানে মূল উপজীব্য। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। তার চরিত্রটিকে ঘিরেই পুরো গল্পটি ভাবা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
পারিবারিক আবহের এই থ্রিলার সিনেমাটিতে মৌ ছাড়াও আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, এ কে আজাদ সেতু, ইহতেশাম আহমেদ টিংকুসহ অনেকে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

